নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে এক ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজ (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। আটক সিরাজ ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সিরাজ। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এসময় পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। বিক্ষুব্ধ জনতা তাকে উত্তম-মাধ্যম দিয়ে আটকে রাখে এবং পরে থানায় খবর দেয়। রাতেই তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, সিরাজ একজন পেশাদার অপরাধী। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের মামলা রয়েছে এবং সেইসব মামলায় সে দীর্ঘ সময় কারাভোগ করেছে। জেল থেকে বেরিয়ে সে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, ঘটনার পর থেকে কুঁড়েরপাড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই “সিরিয়াল অপরাধীর” দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান: ঘটনাটি জানার পরপরই আমরা ফোর্স পাঠিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ নেওয়া হচ্ছে। সিরাজের পূর্বের অপরাধের রেকর্ডও আমরা খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে অভিযুক্ত সিরাজ থানা হেফাজতে রয়েছে এবং ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।




