ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ফতুল্লা মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে হাজীর মাঠ এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষঃ