নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার উদ্যোগে উদ্ধার হওয়া ৭৪টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
বুধবার (৪ মার্চ ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ৭৪টি মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা (Galaxy S24 Ultra) মডেলের ফোন রয়েছে, যা ভারতের রাজস্থান প্রদেশের এক ভারতীয় নাগরিকের। মোবাইলটি ভারতে হারিয়ে যাওয়ার পর প্রকৃত মালিক নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখা সেটি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে মোবাইলটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




