শ্রমিক সেলিম মন্ডল হত্যা মামলা: সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে অগ্নিসংযোগে শ্রমিক সেলিম মন্ডল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এই আদেশ প্রদান করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার প্রেক্ষাপট ও শুনানি: আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিক সেলিম মন্ডলসহ তিনজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। আজ জামিন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে গত ২ মার্চ একই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

আইনজীবীদের দাবি: আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে দাবি করেন, মামলার মূল এজাহারে আইভীর নাম নেই। তিনি বলেন, “তদন্ত কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানির উদ্দেশ্যে তাকে এই মামলায় সম্পৃক্ত করেছেন। এজাহারকারী অয়ন ওসমান ও আজমেরী ওসমানকে চিনতে পারলে আইভী সেখানে থাকলে অবশ্যই তার নাম উল্লেখ করতেন।” এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা: উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়। ফতুল্লা ও সদর থানায় দায়ের করা একাধিক হত্যা ও হামলা মামলায় ইতোমধ্যে তিনি জামিন পেলেও, নতুন এই মামলায় জামিন না হওয়ায় তার কারামুক্তি ঝুলে গেল। নারায়ণগঞ্জের রাজনীতিতে আইভীর বিরুদ্ধে এই ধারাবাহিক মামলা ও গ্রেফতারের বিষয়টি এখন টক অব দ্য টাউন।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ