রূপগঞ্জে সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬)-কে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪ জন সন্ত্রাসী তাকে হুমকি দেয়।

সাংবাদিক নাজমুল হুদা রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাগো নিউজে বিভিন্ন সংবাদ পরিবেশন করে আসছেন। তার অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক ঘটনার সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ ঘটনায় সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

সাংবাদিককে হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচল সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ