প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি, আদালত প্রাঙ্গণে অপহরণের চেষ্টার অভিযোগ—বিচার না পেলে আত্মহত্যার হুমকিনারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। অভিযুক্ত, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন।মঙ্গলবার বিকেলে পূর্বাচলের সমু মার্কেট এলাকায় এক সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ম’ অক্ষরযুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী লিখিত বক্তব্যে জানান—প্রায় ছয় মাস আগে একটি অনুষ্ঠানে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রলোভন, বিদেশে চাকরি এবং আলাদা সংসারের আশ্বাস দিয়ে তাকে প্রতারণার ফাঁদে ফেলেন নাসির উদ্দীন।
অভিযোগ অনুযায়ী, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত তাকে ফেলে রেখে চলে যান।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান বলেও অভিযোগ করেন তিনি। এমনকি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত চত্বরে তাকে অপহরণের চেষ্টার অভিযোগও তোলেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন—
“আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যাচ্ছে। আমার মতো আর কোনো নারী যেন এমন ঘটনার শিকার না হয়।”
তিনি আরও জানান, দ্রুত বিচার না হলে ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না।এদিকে অভিযুক্ত নাসির উদ্দীনের বক্তব্য জানতে মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




