নারায়ণগঞ্জে চব্বিশ ঘণ্টায় ২৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৮৪

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ছয়জন, নিয়মিত মামলার তিনজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের মধ্যে সোনারগাঁয়ে সর্বোচ্চ ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে নয়জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৭৩ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ১৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার দুজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুজন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জে ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনজন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, আড়াইহাজারে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষঃ