সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে জেলার সিদ্ধিরগঞ্জ থানায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার নাম মোছা: রোকেয়া বেগম (৬৮)। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইয়াপাড়া এলাকার মৃত নুরু মিয়ার স্ত্রি। এঘটনায় স্থানীয় জনতা বাসটি আটক করলেও পালিয়ে যায় এর চালক।
এদিকে এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃদ্ধা রোকেয়া বেগম গোদনাইল চৌধুরিবাড়ি ভূইয়াপাড়া এলাকার চাষাড়া-আদমজী সড়কের পশ্চিম পাশ থেকে একটি পানি ভর্তি কলস নিয়ে পূর্ব পাশে যাচ্ছিলেন। এসময় আদমজী মুখি ডলফিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৯৬৯৮) তার সামনে থাকা আরেকটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করে চলে যাওয়ার সময় বৃদ্ধা রোকেয়া বেগমকে সজোরে ধাক্কা দেয়। এসময় বৃদ্ধাটি বেশ কিছুদুর ছিটকে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করে ভাংচুর চালায়। তবে ঘাতক চালক কৌশলে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, সোমবার বিকেলে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা মারা যায়। তার পরিবার এ ঘটনায় কোন মামলা করতে রাজি নয়। বিনা ময়নাতদন্তে তারা লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। বিষয়টি পক্রিয়াধিন রয়েছে




