নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এ নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান,নগরবাসীকে সঙ্গে নিয়ে যানজট-হকার-মাদক সমস্যার সমাধানের অঙ্গীকার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। রোববার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের তথ্য উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেন, আমি দলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিগত দিনের ত্যাগের মূল্যায়ন করেছে দল। নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবো। যানজট, হকার সমস্যা ও মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে আন্তরিক চেষ্টা থাকবে। নগরবাসীকে সঙ্গে নিয়েই এসব কাজ বাস্তবায়ন করতে চাই।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। এরপর অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ দায়িত্ব পালন করেন। সর্বশেষ দায়িত্বে পরিবর্তন এনে সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দেওয়া হলো।
সাখাওয়াত হোসেন খান এর আগে নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তার এই নিয়োগকে অনেকে ‘দলীয় মূল্যায়ন’ হিসেবেও দেখছেন।




