রূপগঞ্জে চুরির অপবাদে ৩ নারীকে বেঁধে নির্যাতন,মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ভাইরাল, 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন ও তাদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা তিন নারীকে আটক করে। অভিযোগ রয়েছে, আটকের পর তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

আটক নারীরা হলেন— কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। চুরির অভিযোগ থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ।”

তিনি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ