বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা যান ডাচ্-বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক।
এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে ডা. আইভীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।




