নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে নারীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় দুটি চোরাই অটোরিকশা উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৬ জন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন ও ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদক ও অটোরিকশা সংক্রান্ত বিষয়ে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং একটি চুরি সংক্রান্ত মামলা।পুলিশ জানিয়েছে, “মাদক, চুরি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”




