নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আজ ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনের সময় অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া সেবাগ্রহীতাদের হয়রানি এবং দাপ্তরিক সময়ের বাইরে অফিসে অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের অভিযোগও ওঠে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
ঘটনার প্রেক্ষিতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুককে আড়াইহাজার এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা ফেরাতে জেলাজুড়ে ভূমি অফিসগুলোতে মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।




