নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বেনজীর আহমেদ টিটো।

পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন কয়েকশ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। তাদের হাতে সেমাই, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দিতেই এই অনাড়ম্বর আয়োজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন। তিনি বলেন, সমাজের অবহেলিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ মশিউর রহমান রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

বক্তারা বলেন, সামর্থ্যবানরা এগিয়ে এলে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, ইসলামী ল’ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি আলহাজ্ব এডভোকেট মাঈনুদ্দিন মিয়া এবং এডিশনাল পিপি এডভোকেট এস.এম মাহমুদুল হক আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ