নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সংলগ্ন সালেহা সুপার মার্কেটে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মার্কেটের ‘হ্যালো টেলিকম’ নামক দোকানে হানা দিয়ে দুর্বৃত্তরা প্রায় ৭ লাখ টাকা মূল্যের ২৬টি স্মার্টফোন লুটে নিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অত্যন্ত পরিকল্পিত ও অভিনব কায়দায় চোরচক্রটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা শোরুমে থাকা দামী ব্র্যান্ডের ২৬টি স্মার্টফোন ব্যাগে ভরে চম্পট দেয়। দোকান মালিক ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে চুরির বিষয়টি টের পান।
দোকান মালিকের দাবি অনুযায়ী, চুরি হওয়া মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া ক্যাশে থাকা কিছু নগদ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, ব্যস্ততম এই মার্কেটে চুরির ঘটনায় তারা এখন চরম আতঙ্কে রয়েছেন। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমাজ।




