নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি মাইনুল ইসলামকে (৪০) অপহরণের ৫ ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের কুশাবো এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের দাবি করা মুক্তিপণের একটি অংশ ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
ভুক্তভোগী সাংবাদিক মাইনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একদল অস্ত্রধারী তাকে জিম্মি করে। অপহরণকারীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে উপজেলার কুশাবো নামক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে চোখ ও মুখ বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মাইনুলের স্ত্রী মাকসুদা রহমান জানান, অপহরণকারীরা বারবার ফোন করে টাকা না দিলে স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা ৫০ হাজার টাকায় রাজি হলে মাকসুদা রহমান দুই দফায় বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। এছাড়া অপহরণের সময় মাইনুলের দোকানের ক্যাশ থেকে নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনাটি পুলিশকে জানানো হলে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি জানান, কাঞ্চন ও ভুলতা পুলিশ ফাঁড়ির দুটি টিম নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পুলিশের ব্যাপক তৎপরতা টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা মাইনুলকে ফেলে রেখে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, সাংবাদিক মাইনুলকে উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।




