নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
বর্তমানে আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে হত্যা সহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আরও কয়েকটি মামলার জামিন স্থগিত করা হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন,এজাহারে নাম না থাকা সত্ত্বেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে এ মামলায় জড়ানো হয়েছে।” তিনি জানান, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
উল্লেখ্য, গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে নাটকীয় অভিযানে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।




