বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪০ থেকে ৫০ জন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নাসিক ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশুদ্ধ খাবার পানি মানুষের মৌলিক অধিকার। অথচ দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা তীব্র পানির সংকটে ভুগছেন। পানির অভাবে নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি নিয়মিত গোসল করা এবং খাবার পানির প্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, নিরাপদ পানির জন্য মানুষের এমন হাহাকার কোনোভাবেই কাম্য নয়। দ্রুত পানির সংকট নিরসন, পানি সরবরাহ স্বাভাবিক করা এবং এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকার পানি সরবরাহ স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের পানির সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
জনসাধারণের এই দূর্ভোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পানি সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা কর কর্মকর্তা মো. রাজিব মিয়াকে মুঠোফোন করা হলে খবর নারায়ণগঞ্জকে তিনি বলেন, হ্যা আমি সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে পানির জন্য মানুষের দূর্ভোগ হচ্ছে। তবে, এই বিষয়ে আপনি একটু কষ্ট করে আমাদের নাসিকের জুবায়ের ভাইয়ের সাথে কথা বলেন। তার কথা মতো ওই কর্মকর্তাকে মুঠোফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।




