নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে শ্রমিক আন্দোলন ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার শিল্পাঞ্চলগুলোতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। তাদের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন চলছে।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, শিল্পাঞ্চলের যেসব এলাকায় আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জেলায় ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার কারণেই পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দেশের অন্যান্য স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পাঞ্চলসহ জেলার সার্বিক নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে আপাতত স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম।




