নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ এক মানবতাবিরোধী ঘটনায় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে উপজেলার দিঘীবরাব বৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আফজাল খান ও আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গভীর রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে পড়ে অভিযুক্তরা। তারা প্রথমে নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এসময় স্বামী বাধা দিতে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অভিযুক্তরা হুমকি দেয় তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।
পরিস্থিতির সুযোগ নিয়ে প্রথমে আব্বাস এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তারা বাসা থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, “অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিরাপত্তাহীনতা আর অপরাধের ভয়—রূপগঞ্জের এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, সাধারণ মানুষ কতটা নিরাপদ নিজেদের ঘরে? তদন্ত চলছে, তবে ভুক্তভোগীর পরিবার চাইছে দ্রুত বিচার।
অপরাধ যতই নির্মম হোক—আইনের ফাঁদে ধরা পড়বেই।




