বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় সড়ক সংস্কারকাজ চলাকালে দুই পাশের রাস্তা একসঙ্গে বন্ধ করে দেওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
এ নিয়ে এলাকার এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ভোগের অভিজ্ঞতা তুলে ধরে জানান, পড়ানো শেষ করে বের হয়ে তিনি দেখেন রাস্তার দুই পাশই বন্ধ। ফলে কোনো যানবাহনই আসা-যাওয়া করতে পারছিল না। তাঁর প্রশ্ন, এভাবে একসঙ্গে রাস্তা বন্ধ করে সংস্কারকাজ পরিচালনা কতটা যৌক্তিক?
তিনি বলেন, রাস্তা সংস্কার নিঃসন্দেহে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ। সবাই চান এলাকার সড়কগুলো সুন্দর, নিরাপদ ও চলাচলের উপযোগী হোক। তবে উন্নয়নকাজের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। সড়ক বন্ধ থাকায় যানজট, যানবাহন চলাচলে বিঘ্ন এবং পথচারীদের ভোগান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া এলাকায় অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার নির্মাণ নিয়েও প্রশ্ন তুলেছেন ওই বাসিন্দা। তাঁর মতে, উন্নয়নকাজের বিরোধিতা নয়, বরং কাজের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় পরিবর্তন প্রয়োজন।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয়রা বলছেন, সড়ক সংস্কারের সময় সম্ভব হলে বিকল্প চলাচলের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি পর্যাপ্ত সতর্কতামূলক নির্দেশনা দিতে হবে এবং দ্রুততম সময়ে কাজ শেষ করতে হবে। তাঁদের বক্তব্য, “আমরা উন্নয়নের বিরোধী নই, আমরা অপরিকল্পিত ব্যবস্থাপনার পরিবর্তন চাই।”
স্থানীয়দের প্রত্যাশা, সড়ক সংস্কারের মতো প্রয়োজনীয় কাজ চললেও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম মুঠোফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। পরবর্তীতে একই বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জিআইএস এনালিস্ট জুবায়ের আল সামিনকে মুঠোফোন করা হলে তিনিও ফোনটি রিসিভ করেননি।




