৬০ দিনের চ্যালেঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের: দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন খান

নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। রাস্তাঘাট সংস্কার থেকে যানজট নিরসন—নাগরিক সেবায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার সকাল ৯টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন সাখাওয়াত হোসেন খান। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে প্রবেশ করেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কক্ষে বসে প্রশাসনিক কার্যক্রম শুরু করেন নবনিযুক্ত প্রশাসক।

দায়িত্ব গ্রহণের পর সাখাওয়াত হোসেন খান বলেন, এই দায়িত্ব তার কাছে একটি ‘পবিত্র আমানত’। নগরের সমস্যা সমাধানে সফল হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি জানান, রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, হকার সমস্যার সমাধান এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে ৬০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি আনতে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এ নিয়োগ আসে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ধারাবাহিকভাবে প্রশাসক পরিবর্তনের পর সর্বশেষ ২২ ফেব্রুয়ারি দেশের ছয়টি সিটিতে দলীয় প্রশাসক নিয়োগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব পান সাখাওয়াত হোসেন খান।

নগরবাসীর প্রত্যাশা—ঘোষিত ৬০ দিনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশনের সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ