ভুঁইয়ারবাগে সড়ক নির্মাণকাজ পরিদর্শনে নাসিক প্রশাসক

ভাঙা সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস ,

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজ পরিদর্শন করেছেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা সড়কের কারণে নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত এসব সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে। তিনি জানান, নগরীর প্রধান সড়কগুলোর যানজট নিরসনেও শিগগিরই সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, উন্নয়নকাজের মান বজায় রাখতে প্রকৌশলী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন নাসিকের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষঃ