নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লাইনে বিস্ফোরণ: ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে এক ঝুট ব্যবসায়ীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ভবনটির দেয়াল ধসে পড়ার পাশাপাশি আশপাশের আরও চারটি বাড়ির জানালার কাঁচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পশ্চিম দেওভোগ এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নিচ তলায় অবস্থিত ঝুটের গুদামে এই বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন— ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং ওই বাড়ির ভাড়াটিয়া ছগির। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে শিপন ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বিকট শব্দে এলাকাটি কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় আরমান মিয়ার ভবনের নিচ তলার দেয়াল, দরজা ও জানালা ধসে পড়ে। শব্দ ও কম্পন এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের অন্তত চারটি বাড়ির জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপের মধ্য থেকে আহতদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে প্রচুর পরিমাণে গ্যাস জমে ছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত।

তিনি আরও জানান, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে দীর্ঘদিনের লিকেজ থাকলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ