রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টায় ক্ষোভ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। একই এলাকার দুই ব্যক্তি—ছানায়োর ও নুরু (৫০)-এর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
পরিবার জানায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা সহযোগীদের নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দিয়ে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী শিশুর বাবা নবী হোসেন বলেন, “ঘটনার পর আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। শারীরিকভাবেও সে দুর্বল হয়ে গেছে। কিছু অসাধু ব্যক্তি টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলতে চাপ দিচ্ছে। আমরা ন্যায়বিচার চাই।

পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় হুমকি বা হামলার আশঙ্কা করছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা অর্থের বিনিময়ে এমন গুরুতর অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পরিবার জানিয়েছে, তারা লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সর্বশেষঃ