দীর্ঘশ্বাস ফেলে প্রেমিক বলতে শুরু করলেন- আহ্ নূরের তৈরি ফেরেস্তাদের জানলাম, আগুনের তৈরি জ্বীনকেও চিনলাম; কিন্তু আফসোস মাটির তৈরি মানুষ হয়ে মানুষ চিনতে পারলাম না!
প্রেমিকের ভাবনায়, মানুষের অপর নাম মুখোশ। যা প্রয়োজনে রঙ বদলায়- রূপ ধারণ করে। প্রশ্ন করা হলো: আপনি কিসে ভয় পান? সাপ/কুকুর/বাঘ না বিচ্ছু? প্রেমিক হেসে উত্তর দিলেন ‘মুখোশ’!
ভ্রু-কুচকে ব্যাখা চাইলেন শ্রোতা। প্রেমিক বললেন, শোনো মানুষের কাছ থেকে পাওয়া আঘাতটাই সবচেয়ে গভীর, কারণ এই আঘাত আসে বিশ্বাসের ভেতর লুকিয়ে থাকা অবিশ্বাস থেকে। যাদের আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিবে, যাদের সুখে নিজের হাসি খুঁজবে, দুঃখে পাশে দাঁড়াবে, দিনশেষে তাদের কাছ থেকেই যখন আঘাত আসে, তখন কষ্টটা শুধু হৃদয়ে সীমাবদ্ধ থাকবে না, ভেঙে যাবে মানুষের প্রতি বিশ্বাসটুকুও। অচেনা মানুষের দেওয়া কষ্ট ভুলে থাকা যায়, কিন্তু নিজের ভাবা মানুষের বদলে যাওয়া রূপ মেনে নেওয়া বড্ড কঠিন। তখন বুঝতে শিখবে, মানুষ আপন হওয়ার অভিনয় জানে, আপন হতে আসে না। তখন সাপ, বাঘ কিংবা বিচ্ছুকে নয়, ভয় পাবে মানুষের মুখোশকে।
– সৈয়দ মুহাম্মদ রিফাত
সাংবাদিক ও লেখক




