‘নিজের বলতে আমানের কম্বল, ক্ষুধা, মশার কামর আর নিঃসঙ্গতাটুকুই সম্বল!’

আমান মিয়া (ছদ্মনাম)। মেনেই নিয়েছেন, জীবনের শেষ সময়টুকু অযত্ন-অবহেলায় পাড়ি দিবেন। অবশ্য, ভালো থাকার বিকল্প উপায়ও নেই তার কাছে। 

এদিকে, হালকা শীত। চারপাশে রাতের নীরবতা। অধিকাংশ মানুষ যখন আপন ঠিকানায় উষ্ণ বিছানায় নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন একজন বয়স্ক মানুষকে রাত কাটাতে হচ্ছে বন্ধ দোকানের শাটারের পাশে; মেঝেতে একটি পাতলা কম্বল জড়িয়ে।

ছবিটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু একটু গভীরভাবে তাকালে দৃশ্যটির ভেতরে লুকিয়ে থাকা অসহায়ত্ব অনুভব করা কঠিন নয়।

জীবনের এই বয়সে একজন মানুষের প্রয়োজন একটু নিরাপদ আশ্রয়, উষ্ণ বিছানা, দু’বেলা খাবার আর সামান্য যত্ন। অথচ বাস্তবতা হলো, শীতের রাতে তাঁর সঙ্গী কেবল একটি পাতলা কম্বল, চারপাশের নিঃসঙ্গতা, ক্ষুধা আর মশার কামর।

অপরদিকে, আমরা প্রতিদিন কতোভাবেই না নিজেদের সামর্থ্য, সাফল্য আর স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত থাকি। অথচ আমাদের চারপাশেই এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের কাছে একটি রাত নিরাপদে কাটানোর ব্যবস্থাটুকুও অনেক বড় প্রাপ্তি।

লেখকের ভাবনায়, কাউকে বিচার করার আগে তাঁর পরিস্থিতি বোঝার চেষ্টা করা জরুরি। একজন মানুষের জীবনে কী ঘটেছে, কেন তিনি আজ এমন অবস্থায়; সেসব প্রশ্নের চেয়ে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ হলো, তিনি যেন একটু নিরাপদে থাকতে পারেন।

হয়তো আমাদের সামান্য উদ্যোগেই তাঁর একটি রাত উষ্ণ হতে পারে। একটি কম্বল, একটু খাবার কিংবা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা। সহসাই আমাদের কাছে যা সামান্য, তাঁর কাছে তা অনেক বড় সহায়তা।

মানুষের জীবনে সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা। আসুন, কাউকে তাঁর অসহায়ত্বের জন্য নয়, মানুষ হিসেবে তাঁর পাশে দাঁড়াই।

কারণ শীত সবার জন্যই আসে, কিন্তু সবার ভাগ্যে উষ্ণ আশ্রয় জোটে না!

এম. তারিকুল ইসলাম
– ভবঘুরে ও ভন্ড কবি

সর্বশেষঃ