সোনারগাঁ জাদুঘরের সিবিএ নেতা দিলোয়ারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও দুর্নীতির অভিযোগ!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারী ইউনিয়ন-সিবিএ’র সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগ, শ্বশুরবাড়ির পাঁচ লাখ টাকা ফেরত না দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ঐশী বিনতে আউয়ালের অভিযোগ, প্রায় সাত বছরের দাম্পত্য জীবনে তাঁদের চার বছর বয়সী এক কন্যা ও দুই বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি অন্য এক নারীর সঙ্গে স্বামীর সম্পর্কের তথ্য-প্রমাণ ও কিছু ভিডিও তাঁর হাতে আসার পর পারিবারিক বিরোধ তীব্র হয়।
ঐশীর দাবি, বিষয়টি সামনে আসার পর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বিবাহবিচ্ছেদের জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে শ্বশুরবাড়ি থেকে ধার নেওয়া পাঁচ লাখ টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান তিনি। আত্মীয়স্বজনের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় আদালত ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানান ঐশী। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাদুঘর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

এদিকে, ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, দিলোয়ার হোসেনের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা নিশ্চিত হওয়া প্রয়োজন। ভুক্তভোগী পরিবার পরিচালকের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার পায়নি বলে দাবি করেছে।

অন্যদিকে, অভিযুক্ত দিলোয়ার হোসেনের কাছে জানতে খবর নারায়ণগঞ্জ থেকে তাকে মুঠোফোন করা হলে সব অভিযোগ অস্বীকার কওে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযুক্ত নারীর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। বর্তমান স্ত্রীর সঙ্গে বিরোধকে পারিবারিক সমস্যা হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার।

সর্বশেষঃ