নারায়ণগঞ্জে কোনো ধরনের আলোচনা ছাড়াই উৎসব ও বন্ধন পরিবহনে বাসভাড়া ৫৮ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ণ কর্তৃপক্ষের জেলা কার্যালয়ে এ নিয়ে বৈঠক করেন ছাত্র ফেডারেশন’র নেতাকর্মীরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেতারা। এ সময় চেয়ারম্যান বাস মালিক সমিতির প্রতিনিধিদের বর্ধিত ভাড়া আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়া অযৌক্তিক। যাত্রীদের স্বার্থ উপেক্ষা করে ইচ্ছামতো বাসভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।
তাঁরা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনোভাবেই বাসভাড়া বাড়ানো যাবে না। বর্ধিত ভাড়া আদায় বন্ধ করে পূর্বের নির্ধারিত ভাড়া কার্যকর রাখার দাবি জানান তাঁরা।




