নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে অবস্থিত জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। দলটির দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। ৫ আগস্টের পরও তাদের কিছু অনুসারী নতুন করে জ্বালাও-পোড়াও শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালিয়ে জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আবারও আধিপত্যবাদের অভয়ারণ্যে পরিণত করা সম্ভব হবে না।
বিজ্ঞপ্তিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ফ্যাসিস্টদের প্রতি বর্তমান ক্ষমতাসীন মহলের আনুকূল্য এবং প্রশাসনের নীরবতার কারণে এ ধরনের ঘটনার সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন মুহাম্মদ হাফিজুর রহমান।




