’২৪ এর ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ’র প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় বিশেষ ভূমিকায় ছিল জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার ছাত্ররা। জুলাইয়ের শেষ সময়ে সাইনবোর্ড এর শান্তিধারা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু পয়েন্টে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল এই মাদ্রাসার শিক্ষার্থীরা। এ পর্যন্ত সব ঠিক থাকলেও ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধের শুরুতেই কেনো অগ্নিকান্ডের ঘটনা! বিষয়টি কাকতালীয় নাকি উদ্দেশ্যেপ্রণোদিত? এমন স্পর্শকাতর প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলার সচেতন নাগরিকদের মনে। কেউ কেউ বলছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তিন কার্যদিবসের তদন্ত কমিটিতে কোন কিছু আড়াল না করে মূলরহস্য উন্মোচন করলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কার্যত, হ্রদয় বিদারক এই ঘটনায় তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্টদের দিকে তাকিয়ে জেলার সাধারণ মানুষ। তাদের দাবি, ঠিক যেই কারণে অগ্নিকান্ডের ঘটনা তাই যেনো প্রকাশ করা হয় প্রতিবেদনে। আগুনের সূত্রপাত জানতে আর বাকি ৪৮ ঘন্টা সময়; সব ঠিক থাকলে শুক্রবার দিনের শুরুতেই সব রহস্যের জটলা খুলতে যাচ্ছে।
এরআগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রশাসনিক সূত্র বলছে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো শনাক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। তিনি আরও জানান, যে কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি ইন্টেরিয়র ডিজাইনে সাজানো ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় ভবনের অন্যান্য তলার শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া আতঙ্কে তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে কয়েকজন আহত হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ভবনের লাইব্রেরি ও অফিসকক্ষ পুড়ে যায়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান জানান, আগুন লাগার সময় শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন। লাইব্রেরিতে আগুন লাগার পর দ্রুত পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়।
অসুস্থ ও আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ প্রয়োজন- তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।




