সিদ্ধিরগঞ্জে দুর্গামন্দিরে ভাংচুরের ঘটনায় নীট কনসার্ন পরিচালক মনির মোল্লাসহ গ্রেপ্তার ২

নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা এবং সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া দুইজন হলেন- নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ওরফে মনা এবং প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সন্ধ্যায় নীট কনসার্ন গ্রুপের লোকজন মন্দিরের গেটের আগের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয় এবং ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যকার জমিসংক্রান্ত জটিলতা নিরসন এবং মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। একই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর হয়নি, তবে কাপড়ের সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০০ সালে রাষ্ট্রায়ত্ত এই মিলটি শ্রমিক-কর্মচারীদের কাছে হস্তান্তরের পর ২০১২ সালে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় নীট কনসার্ন গ্রুপ। এরপর থেকেই মিলের ভেতরের মন্দির, পুকুর ও মাঠের জমি দখল নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মিলের শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ