১৯৪ কোটি টাকা পাচার; শামীম ওসমান পরিবারের সঙ্গে দুদকের অনুসন্ধানে নীট কনসার্নের দুই পরিচালক

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে টেলিযোগাযোগ খাতের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৯৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের সম্পৃক্ততার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় সংস্থাটির প্রস্তুত করা অভিযোগপত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর ছোট ভাই পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদকের তদন্ত অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল ও সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অর্থ স্থানান্তরের সঙ্গে শামীম ওসমান, তাঁর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে তদন্তে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ‘কে কমিউনিকেশন্স লিমিটেড’-এর পরিচালনা পর্ষদেও ছিলেন নীট কনসার্নের দুই সহোদর জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান। তিনি জানান, গত বছরের ১৬ জানুয়ারি দায়ের করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। অভিযোগপত্রও প্রস্তুত করে প্রধান কার্যালয়ের অনুমোদন নেওয়া হয়েছে। এখন আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে, তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু এবং নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালক জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা।

দুদকের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারার উল্লেখ রয়েছে। তদন্তে বলা হয়েছে, ‘কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড’-এর চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তানভীর আহমেদ টিটু। অন্য অভিযুক্তরা প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ও ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে নীট কনসার্ন গ্রুপের একাধিক রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদীন মোল্লা এবং তাঁর ভাইদের সঙ্গে ওসমান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কথাও স্থানীয়ভাবে আলোচিত।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য দেখভালে মোল্লা পরিবারের সদস্যদের ভূমিকা থাকার অভিযোগও স্থানীয়ভাবে উঠেছে। এ ছাড়া আজমেরী ওসমানকে নীট কনসার্নের পাঠানটুলি এলাকার প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি গোদনাইলের লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দির দখলচেষ্টার অভিযোগেও নীট কনসার্ন-সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আলোচনায় আসে। ওই ঘটনায় মন্দিরে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগে মনির হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে পুলিশ আটক করে। পরে মন্দিরে প্রবেশে বাধা না দেওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুদকের তদন্তে আরও উঠে এসেছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে সংশ্লিষ্ট টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের পর প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তর করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা আড়াল করার চেষ্টা হয়ে থাকতে পারে।

মামলার প্রাথমিক তদন্তে শামীম ওসমানের পরিবারের সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি সামনে এলেও পরবর্তী অনুসন্ধানে নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ