নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের ভয়াবহতা ও একের পর এক হত্যাকাণ্ডের প্রতিবাদে জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় মাইকিং করে ঘোষণা দেওয়া হয়েছে—এলাকায় কোনো মাদক ব্যবসায়ী মারা গেলে তার জানাজা বা দাফনের সুযোগ দেওয়া হবে না। এমনকি তাদের শেষকৃত্যে এলাকাবাসী কোনো ধরনের সহযোগিতাও করবে না।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার নয়ামাটি, ইসলামনগর, কুতুবপুর ও পূর্ব লামাপাড়া এলাকায় স্থানীয়দের উদ্যোগে এই ব্যতিক্রমী ও কঠোর কর্মসূচি পালন করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হন। এই ঘটনার পর এলাকাবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়। সাব্বির হত্যার প্রতিবাদ ও এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে এদিন কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে গণমিছিল ও মানববন্ধন করেন। মিছিলটি নয়ামাটি মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূর্ব লামাপাড়া বায়তুল আকরাম জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিল চলাকালে মাইকিং করে মাদক ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়। আন্দোলনকারীরা ঘোষণা করেন: জানাজা বয়কট: চিহ্নিত কোনো মাদক ব্যবসায়ী মারা গেলে স্থানীয় মসজিদের ইমাম বা মুসল্লিরা তার জানাজায় অংশ নেবেন না।
দাফন নিষিদ্ধ: এলাকার কোনো কবরস্থানে মাদক ব্যবসায়ীদের দাফন করতে দেওয়া হবে না। সামাজিক বিচ্ছিন্নতা: মাদক ব্যবসায়ীদের পরিবারকেও সামাজিকভাবে বয়কট করা হবে।
পূর্ব লামাপাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় মসজিদের ইমামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তারা বলেন, “মাদক আমাদের সন্তানদের কেড়ে নিচ্ছে, সমাজকে ধ্বংস করছে। যারা বিষ বিক্রি করে মানুষ মারে, তাদের জন্য সমাজের কোনো দোয়া বা ভালোবাসা নেই।” বক্তারা সাব্বির হত্যার সাথে জড়িত সোহাগ বাহিনীসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে নিহত সাব্বিরের ভাই আবদুর রহমান ও চাচা আবদুল হাকিম কান্নায় ভেঙে পড়েন। তারা প্রশাসনের কাছে ভাই হত্যার বিচার চান। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা মামুন, শফিক, রাসেল, তানভীরসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এলাকাবাসীর এই ঐক্যবদ্ধ প্রতিরোধ মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।




