নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের ভারী পাইপ ছিঁড়ে পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে ওই এলাকার মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ একটি ভারী পাইপ ছিঁড়ে নিচে থাকা শিশু ইয়াছিনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মিরাজ হোসেন হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাছিনুজ্জামান জানান, “নিহত শিশুর বাবা বর্তমানে নারায়ণগঞ্জের বাইরে রয়েছেন। তিনি আসার পর পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের বিষয়েও পরিবারের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জনবহুল এলাকায় পাইলিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় প্রয়োজনীয় সুরক্ষা বেষ্টনী না থাকায় ভবন মালিক ও সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করছেন তারা।




