নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম অন্তর্ভুক্ত ছিল।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মামুন মাহমুদ। তিনি বলেন, জেলা পরিষদের কার্যক্রম পুরো জেলায় বৈষম্যহীনভাবে পরিচালিত হবে। বিগত সরকারের সময় উন্নয়ন কর্মকাণ্ডে যে বৈষম্যের অভিযোগ ছিল, তা দূর করার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হবে। অতীতে অনেকেই জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না। ভবিষ্যতে মানুষকে এ বিষয়ে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




