নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর লাকি বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, বাড়িটির পাশ দিয়ে গ্যাসের লাইন গেছে এবং সেখানে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। গ্যাস ঘরের ভেতরে জমে চেম্বারের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের কেউ কেউ প্রাথমিকভাবে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের আশঙ্কার কথাও জানিয়েছেন।
প্রতিবেশী মো. ফারুক জানান, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের ভেতরে বাবা ও তার তিন ছেলেকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তিনি পরিবার নিয়ে কুতুবপুরের লাকি বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আহত চারজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে।”




