ফতুল্লায় একই পরিবারের ৫ জন দগ্ধ ঘটনায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কালাম (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১২টায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

এর আগে, রোববার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।

বাকি দগ্ধরা ছিলেন, সবজি বিক্রেতা কালামের স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

উদ্ধারকারী রাকিব জানান, ভোরে বাসা থেকে আগুনে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরে প্রাণ বাঁচাতে তারা কোনোভাবে বাইরে বের হয়ে আসেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং কথার ৫২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক ছিল।

তিনি আরও জানান, অতিরিক্ত দগ্ধ হওয়ায় সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়েছে।

সর্বশেষঃ