পোশাক খাতের সংকট-সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেএমইএ নেতাদের বৈঠক

দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ’র নেতারা। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। দুপুরে বিকেএমইএ’র নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো করা হয়।
বৈঠকে তৈরি পোশাক শিল্পের নানা সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন বিকেএমইএ নেতারা। তারা এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তারা বর্তমানে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর পাশাপাশি সচল কারখানাগুলো যাতে আর্থিক ও নীতিগত জটিলতায় বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ব্যাংকিং ও এনবিআর সংশ্লিষ্ট সমস্যাগুলো লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।
বৈঠকে শিল্পের বহুমুখীকরণ, বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা, প্রোডাক্ট ডাইভারসিফিকেশন এবং জ্বালানি সংকট নিরসনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।
বিকেএমইএ’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।
বিকেএমইএ নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগ দেশের শিল্পখাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় নতুন গতি সঞ্চার করবে।
সর্বশেষঃ