নারায়ণগঞ্জ সদর উপজেলার সিটি পার্ক এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই এজেন্টসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১২ মে) র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-১ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে রাসেল পার্ক এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, অনলাইন জুয়ার এজেন্ট মো. ছোয়াদ (২৬), হৃদয় চন্দ্র সাহা (২৮), জসিম উদ্দিন (২৫), অপর এজেন্ট মো. রবিন বেপারী (২৪), মো. মৃদুল (১৯) ও মো. অহিদুল ইসলাম ইমন (২৮)।
র্যাব-১১ সিপিসি-১ কোম্পানি ক্যাটাগরিতে কমান্ডার পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।




