নারায়ণগঞ্জে একদিনে তিন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় একদিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ ভোরে উদ্ধার করা হয়। অন্যদিকে ফতুল্লার একটি পোশাক কারখানার ভেতর থেকে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৃথক ঘটনায় মরদহ ৩টি উদ্ধার হয়। 

নিহতরা হলো- দুই কিশোর মনিরুল (১৫) ও শুভ (১৫) গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ফতুল্লার গার্মেন্টস কর্মকর্তা ইদ্রিস আলী (৪৫)।

জানা যায়, সোমবার (১১ মে) দুপুরে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নামে দুই কিশোর। পরে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি চালান। পরে, মঙ্গলবার (১২ মে) ভোরে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন লেকে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

অন্যদিকে, মঙ্গলবার সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানার ভেতর থেকে স্টোর কিপার ইদ্রিস আলী (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে বলেন, “সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ছাত্র সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে । অন্যদিকে, গার্মেন্টস কারখানায় উদ্ধার হওয়া ঝুলন্ত মরদেহের ঘটনাটি আত্মহত্যা বলে মনে করছি আমরা, ময়না তদন্তের রিপোর্ট আসলে চূড়ান্তভাবে বলা যাবে।”

সর্বশেষঃ