ফতুল্লায় পারিবারিক কলহে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মোহন (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার সোনার বাংলা রোডের ফাজিলপাড়ার বাসিন্দা ও বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জ্বলের বয়স ৩৪ বছর। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত শুক্রবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তার বাবা মিলে উজ্জ্বলকে মারধর করেছিলেন বলেও জানা যায়। অন্যদিকে, উজ্জ্বল প্রায়ই মাদকাসক্ত অবস্থায় বাসায় ফিরে সামান্য বিষয় নিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন।

শুক্রবার সকালে আবারও কোনো একটি বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল। মোহনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত উজ্জ্বল পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষঃ