গুলিবিদ্ধ জুলাই যোদ্ধাকে জেলা পরিষদের আর্থিক অনুদান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নারায়ণগঞ্জের সাহালম ইসলামকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। রোববার (১৭ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ তার হাতে অনুদানের চেক তুলে দেন।

এর আগে চিকিৎসা ব্যয় বহনে মানবিক সহায়তা চেয়ে জেলা পরিষদের প্রশাসকের কাছে আবেদন করেছিলেন সাহালম ইসলাম। সেই আবেদনের প্রেক্ষিতেই তাকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাহালম ইসলাম জানান, তার বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কদমতলী নয়াপাড়া এলাকায়। তিনি গত ১৭ জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, প্রথমে তার কোমরের হাড়ে গুলি লাগে। পরে শটগান থেকে ছোড়া দুটি গুলি ও ছিটে গুলিতে হাতের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়। বাম হাতে গুরুতর আঘাত লাগায় জরুরি অস্ত্রোপচার করতে হয়। ঘটনার দিনই তাকে মদনপুর আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
সাহালম আরও জানান, এ পর্যন্ত তার দুটি বড় অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কোমরের হাড়ে আরও দুটি বড় অপারেশন এবং হাতে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন।

পেশায় পিকআপ ভ্যান চালক সাহালম আহত হওয়ার পর থেকে আর কাজে ফিরতে পারেননি। দীর্ঘদিন চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান তিনি।

সাহালমের ভাষ্য, এখন পর্যন্ত তিনি কোনো সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তা পাননি। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যয় বহনের জন্য জেলা পরিষদের কাছে আবেদন করলে রোববার অনুদানের চেক হাতে পান তিনি।

সর্বশেষঃ