নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া-বাগ এলাকায় আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ সদস্য ফুলেছা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা ফুলেছা বেগম দাবি করেন, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি জানান, ঘটনার আগে কয়েকজন বন্ধু আশরাফুলকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
তিনি বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।”
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




