ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য আরও বাড়াতে কাজ করছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ” এর উদ্বোধন, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছেন। তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ফায়ার সার্ভিসে আরও ১০০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হবে এবং ডুবুরি ইউনিটের সক্ষমতাও বাড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় নতুন ফায়ার স্টেশন স্থাপনের পাশাপাশি সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গজারিয়া এলাকায় আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সদস্যদের আবাসন সুবিধা উন্নয়নে রাজধানীর মিরপুর এলাকায় আবাসিক ভবন নির্মাণ ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষঃ