বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬-এর জন্য নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনীত হওয়ায় মশিউর রহমান রনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সম্মিলিত ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ।
শুক্রবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, জেলার ক্রিকেটের সার্বিক উন্নয়নে মশিউর রহমান রনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তার নেতৃত্ব ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিল আলীগঞ্জ ক্লাব, শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী, শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব, সাহারা ক্রিকেট ক্লাব, পোল স্টার ক্লাব, ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব, সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী, দুর্ণিবার স্পোর্টিং ক্লাব, নারায়ণগঞ্জ ভলিবল একাডেমী, মণ্ডলপাড়া যুব সংঘ, ঈগল স্পোর্টিং ক্লাব, ভূইগড় ইউনাইটেড ক্লাব, কাশিপুর ক্লাব, সোনা মিয়া স্মৃতি সংসদ, নিউক্লিয়াস স্পোর্টিং ক্লাব, পাইকপাড়া ক্রিকেট একাডেমী, মহসিন ক্লাব, ফতুল্লা ভলিবল একাডেমী, নারায়ণগঞ্জ ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশন, শান্তিরঞ্জন মুখার্জী স্মৃতি সংসদ, খানপুর মহসিন ক্লাব জুনিয়র, সিদ্দিক হোসেন স্পোর্টস একাদশ, মানহা স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ইসদাইর সূর্যোদয় সংসদ ও ইসদাইর যুব সংসদের প্রতিনিধিরা।
সম্মিলিত ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জের পক্ষে খোরশেদ আলম নাসির অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের স্বার্থে মশিউর রহমান রনির নতুন দায়িত্ব জেলার ক্রিকেট উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।




