নিজের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ  অস্বীকার করলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, আইভী কখনো নিজ নামে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ পরিচালনা করেননি। ফলে তার নামে পরিচালিত এসব প্ল্যাটফর্ম থেকে বিভ্রান্তিকর তথ্য বা রাজনৈতিক বক্তব্য প্রচার হলে তার দায় তিনি বহন করবেন না।

শুক্রবার (৫ জুন) বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরার পর আইভীর নামে পরিচালিত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের তৎপরতা বেড়েছে। এসব প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও তথ্য প্রচার করা হচ্ছে, যা ভবিষ্যতে তাকে আইনি জটিলতায় ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ফেসবুকে অনুসন্ধান করে দেখা গেছে, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ‘সেলিনা হায়াৎ আইভী’ নামে একাধিক অ্যাকাউন্ট ও পেজ সক্রিয় রয়েছে। অন্তত ১৫টি অ্যাকাউন্ট ও পেজের অস্তিত্ব পাওয়া গেছে, যার মধ্যে একটি ‘মেটা ভেরিফায়েড’ পেজও রয়েছে। সম্প্রতি ভেরিফায়েড হওয়া ওই পেজটির অনুসারী সংখ্যা প্রায় ১ লাখ ৩৩ হাজার। এছাড়া একই নামে কয়েকটি ফেসবুক গ্রুপও সক্রিয় রয়েছে।

পরিবার জানায়, আইভীর কোনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি কখনো ফেসবুক ব্যবহারও করেননি। আইভীর নামে পরিচালিত কোনো ভুয়া অ্যাকাউন্ট, পেজ বা গ্রুপ থেকে আইনবিরোধী কর্মকাণ্ড, উস্কানিমূলক প্রচারণা কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তার দায় কোনোভাবেই সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নয়।

সর্বশেষঃ