নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে। ফল উৎসব ও যোগদান অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নাম উল্লেখ করেছেন এনসিপির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে দাবি করেন আয়োজকরা।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে আয়োজিত ফল উৎসব ও যোগদান অনুষ্ঠান চলাকালে সুলতান মাহমুদের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় তারা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং মঞ্চ ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দেয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আইচ. এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এছাড়া সেখানে মঞ্চ ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে বলেও তাদের কাছে তথ্য নেই।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতারা তাদের পূর্বনির্ধারিত একটি কর্মসূচির কথা জানিয়ে এনসিপি নেতাদের অনুষ্ঠানস্থল কিছুটা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। এরপর সেখানে কী ঘটেছে, সে বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।




