আড়াইহাজারে নবম শ্রেণির সেই ভাষাসৈনিক আয়েশা বেগম আর নেই

নারায়ণগঞ্জ আড়াইহাজারে নবম শ্রেণীতে ছাত্রী থাকাকালীন কারাবরণকারী ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুন ওরফে আয়েশা বেগমের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুন) বাদ জোহর উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, সকাল ৮টায় রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে প্রথম জানাজা এবং সকাল ১০টায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। আয়েশা বেগম কর্মজীবনে মহাহিসাবরক্ষণ অধিদপ্তরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসরের পরও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

ভাষা আন্দোলনের ইতিহাসেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থী থাকাকালে তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে তাকে এক মাস কারাবরণ করতে হয়েছিল।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষঃ