রূপগঞ্জে এনসিপির উপর হামলা, ছাত্রদলের নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ফল উৎসবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (৭ জুন) সকালে রূপগঞ্জ থানায় মামলাটি করেন হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি। মামলায় হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রূপগঞ্জে এনসিপির ফল উৎসব চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এ সময় মঞ্চ ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। হামলায় বাধা দিতে গেলে বাদী আল ফারাবিসহ ৫ থেকে ৬ জনকে মারধর করা হয়। এছাড়া মাইক, সাউন্ডবক্স, ব্যাটারি এবং উৎসবের জন্য আনা ফলসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলা ও ভাঙচুরে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম সুরুজ।

কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মারুফ মোল্লা, সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে আমাদের আহত কর্মী আল ফারাবি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা চাই পুরোনো রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি নতুনভাবে প্রতিষ্ঠিত না হোক।”

রবিবার সকালে মামলার এজাহারভুক্ত আসামি নিলয় ও রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

সর্বশেষঃ